শনিবার, ২০ জুন ২০২৬ 04:12 pm

পূর্বধলায় শ্রী রামচন্দ্রের অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১২:৪২ পিএম

শ্রী রামচন্দ্রের প্রতি অবমাননা এবং গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে নেত্রকোণার পূর্বধলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২০ জুন) সকাল ১১টায় পূর্বধলা সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, পূর্বধলা উপজেলা শাখার সভাপতি তরুণ কুমার রায়-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি জীবন কৃষ্ণ দে, সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র কর, সদস্য রঞ্জিত কুমার আদিত্য, শিপক চন্দ্র দে প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের সিনিয়র সদস্য দীপক সরকার।

বক্তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত, কোনো ধর্মের উপাসনালয়ের বিরুদ্ধে হুমকি কিংবা সাম্প্রদায়িক উসকানি দেশের সম্প্রীতি ও শান্তির জন্য হুমকিস্বরূপ। তারা এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় বক্তারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহাবস্থান এবং সকল ধর্মাবলম্বীর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

মতামত দিন