স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির ব্যবহার ও সম্প্রসারণে সচেতনতা বাড়াতে নেত্রকোণার পূর্বধলায় দুই দিনব্যাপী সেমিনার ও প্রযুক্তি প্রদর্শনী মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার (১৯ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে ‘স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ’ শীর্ষক এই সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন, পূর্বধলা এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুখময় সরকার। পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরের সহকারী সচিব মো. মোজাম্মেল হক।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসিএসআইআরের আইইআরডির সিনিয়র সায়েন্টিফিক অফিসার সুমন চন্দ্র দেবনাথ। তিনি তার উপস্থাপনায় স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির সম্ভাবনা, ব্যবহার এবং টেকসই উন্নয়নে এসব প্রযুক্তির কার্যকারিতা ও ভূমিকা বিস্তারিতভাবে তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও অংশ নেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক, উপজেলা আইসিটি কর্মকর্তা রফিকুল ইসলাম, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলাম, পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিক মামুন, মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
সেমিনার শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে দুই দিনব্যাপী প্রযুক্তি প্রদর্শনীর ফিতা কেটে উদ্বোধন করেন অতিথিরা। ১৯ ও ২০ জুন অনুষ্ঠিতব্য এই প্রদর্শনীতে উপজেলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান তাদের নিজস্ব উদ্ভাবিত ও লাগসই প্রযুক্তি নিয়ে আকর্ষণীয় স্টল স্থাপন করেছে। উদ্বোধনের পর অতিথিরা প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং খুদে বিজ্ঞানীদের উদ্ভাবন দেখে সন্তোষ প্রকাশ করেন।
প্রযুক্তি প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন শেষে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুখময় সরকার সাংবাদিকদের বলেন, “দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ের উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখতে পারে।” তিনি তরুণ ও শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাকে কাজে লাগিয়ে মাঠপর্যায়ে প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম বলেন, “এ ধরনের আয়োজন স্থানীয় উদ্ভাবকদের প্রতিভা বিকাশের পাশাপাশি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা প্রশাসন সবসময় স্থানীয় উদ্ভাবকদের পাশে থাকবে এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।”

