নেত্রকোণার পূর্বধলা উপজেলায় বকেয়া বিদ্যুৎ বিল আদায় ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা, নগদ অর্থ ছিনতাই এবং অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ইছবপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, বকেয়া বিল আদায় এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে শ্যামগঞ্জ সাব-জোনাল অফিসের একটি দল ইছবপুর গ্রামে অভিযান পরিচালনা করে। সেখানে একটি আবাসিক মিটারে কয়েক মাসের বকেয়া বিল থাকায় সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে কর্মীরা মিটারের সঙ্গে অবৈধ সংযোগ ব্যবহারের আলামত দেখতে পান বলে দাবি করেন। পরে তারা নিয়ম অনুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করেন।
অভিযোগে বলা হয়েছে, এ ঘটনার পর স্থানীয় কয়েকজন ব্যক্তি ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালান। এতে কয়েকজন কর্মী আহত হন। একই সঙ্গে মাঠপর্যায়ে আদায় করা রাজস্বের নগদ ১ লাখ ২৫ হাজার ৫০৩ টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং কিছু সময়ের জন্য তাদের একটি ঘরে আটকে রাখা হয় বলে অভিযোগ করা হয়েছে।
খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ বিভাগের কর্মীদের উদ্ধার করে।
এ ঘটনায় নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (প্রশাসন) বিপ্লব কুমার বর্মন বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোড ও বিদ্যুৎ আইনের বিভিন্ন ধারায় রুজু করা হয়েছে।
পূর্বধলা থানা সূত্রে জানা গেছে, মামলার পরপরই অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই নারী আসামি— নুরুন্নাহার (৪২) ও আইরিন বেগম (৪৫)-কে গ্রেপ্তার করা হয়। বুধবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, সরকারি কাজে বাধা, হামলা ও অর্থ ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং অভিযোগে উল্লেখিত অর্থ উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
তবে অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

