মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ 12:29 am

পূর্বধলায় নানাবাড়িতে বেড়াতে এসে নালায় পড়ে শিশুর করুণ মৃত্যু; পরিবারে মাতম

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১০:০৭ পিএম

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নানাবাড়িতে বেড়াতে এসে বাড়ির পাশের নালার পানিতে পড়ে হুমায়রা আক্তার নামের মাত্র ১৯ মাস বয়সী এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৬ জুন) বিকেলে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের কন্দর্প বাশাঁটি গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

​নিহত শিশু হুমায়রা আক্তার নেত্রকোনার বারহাট্টা উপজেলার সুসং ধোবাহালা গ্রামের বাসিন্দা মো. কাইয়ুম ও ফাহিমা আক্তার মীম দম্পতির একমাত্র কন্যাসন্তান।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮ জুন হুমায়রা তার মা-বাবার সঙ্গে পূর্বধলা উপজেলার কন্দর্প বাশাঁটি গ্রামে নানা এরশাদ মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিল। আজ মঙ্গলবার বিকেলে সবার অগোচরে বাড়ির উত্তর-পূর্ব পাশে একটি ড্রেনের (নালা) কাছে খেলতে যায় শিশু হুমায়রা। একপর্যায়ে সে অসাবধানতাবশত নালার গভীর পানিতে পড়ে তলিয়ে যায়।

​এদিকে দীর্ঘক্ষণ হুমায়রাকে না দেখে পরিবারের লোকজন ও স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও তার সন্ধান না পেয়ে একপর্যায়ে শিশুটির বাবার দাদা শ্বশুর মহিউদ্দিন (৮০) সন্দেহবশত নালার পানিতে নেমে খোঁজ করতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে তাঁর পায়ের সঙ্গে শক্ত কিছু একটার স্পর্শ লাগলে তিনি বিষয়টি টের পান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় নালার পানি থেকে অচেতন অবস্থায় শিশু হুমায়রাকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পরপরই স্বজনরা হুমায়রাকে দ্রুত নেত্রকোনা সদর উপজেলার হাটখোলা বাজারে একজন পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। বেড়াতে এসে কোল খালি হওয়া এই অবুঝ শিশুর আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারি আর কান্নায় নানাবাড়ির পরিবেশ ভারী হয়ে উঠেছে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, “প্রাথমিকভাবে ঘটনাটি পানিতে ডুবে অপমৃত্যু বলেই নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো প্রকার অভিযোগ পাওয়া যায়নি।” পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মতামত দিন