Sunday, 14 June 2026

​পূর্বধলায় এমপি মানসুরা আলমের উদ্যোগে ৩১৯ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

প্রকাশিত: June 14, 2026 | বিভাগ: রাজনীতি, রাজনীতি, সকল সংবাদ

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় প্রান্তিক, অসহায় ও হতদরিদ্র মানুষের চিকিৎসাসহ সামাজিক সুরক্ষার লক্ষ্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলমের বিশেষ উদ্যোগে ৩১৯ জন উপকারভোগীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তার অর্থ বিতরণ করা হয়েছে।

​আজ রবিবার (১৪ জুন) সকালে পূর্বধলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক উৎসবমুখর অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ বিতরণ করা হয়। সংসদ সদস্য মানসুরা আলম বর্তমানে পবিত্র জাতীয় সংসদ অধিবেশনে ব্যস্ত থাকায় সশরীরে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে তাঁর সুনির্দিষ্ট নির্দেশনা ও তত্ত্বাবধানে উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ভুক্তভোগী পরিবারগুলোর হাতে এই অনুদানের টাকা তুলে দেন।

আয়োজক ও দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত মোট ১০ লাখ টাকার মধ্যে প্রথম ধাপে পূর্বধলা উপজেলার ৩১৯ জন প্রকৃত অসহায় ও হতদরিদ্র উপকারভোগীর মাঝে ৯ লাখ ৬০ হাজার টাকা সম্পূর্ণ স্বচ্ছতার সাথে বিতরণ করা হয়েছে। এছাড়া অবশিষ্ট অর্থের মধ্যে নেত্রকোনা সদর উপজেলার জন্য ৩০ হাজার টাকা এবং দুর্গাপুর উপজেলার জন্য ১০ হাজার টাকা সংরক্ষিত রাখা হয়েছে, যা দ্রুতই সংশ্লিষ্টদের মাঝে বিতরণ করা হবে।

অর্থ বিতরণকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবু বলেন, “মাননীয় সংসদ সদস্য মানসুরা আলম আপা রাষ্ট্রীয় ও সংসদীয় কার্যক্রমে ব্যস্ত থাকায় আজ উপস্থিত হতে পারেননি। তবে তাঁর পক্ষে আমরা দলীয় নেতাকর্মীরা মাঠপর্যায়ে এই কার্যক্রম পরিচালনা করছি। পূর্বধলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের সবচেয়ে অসহায়, অসুস্থ ও হতদরিদ্র পরিবারগুলোকে অত্যন্ত নিখুঁতভাবে যাচাই-বাছাই করে এই সরকারি অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে।”

​তিনি আরও উল্লেখ করেন, পূর্বধলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের যেকোনো আপদ-বিপদে সংসদ সদস্য মানসুরা আলম নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং আগামী দিনগুলোতেও তাঁর এই মানবিক ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক সুমন শাহরিয়ার, যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল হেলালি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মাহফুজুল হক মানার, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলাইমান কবির পাপ্পু, যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আব্রাহাম লিংকন, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সভাপতি আরিফুল ইসলাম খান।

​এছাড়াও তৃণমূল নেতৃবৃন্দের মধ্যে বৈরাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান দুলাল, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, গোহালাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন এবং নেত্রী আনিসা আলমসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। করোনাকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর এই বিশেষ আর্থিক অনুদান পেয়ে দরিদ্র পরিবারগুলোর মাঝে স্বস্তি নেমে এসেছে।