শুক্রবার, ১৯ জুন ২০২৬ 11:46 pm

পূর্বধলা-কাপাশিয়া সড়কে বালিয়া নদীর ভাঙনের হুমকি, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১০:১০ পিএম

নেত্রকোণার পূর্বধলা উপজেলার পূর্বধলা-কাপাশিয়া সড়কের মেঘশিমুল এলাকায় বালিয়া নদীর তীব্র ভাঙনের ঝুঁকি দেখা দিয়েছে। সড়কের পাশের মাটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় গুরুত্বপূর্ণ এই সড়কের একটি অংশ যেকোনো সময় ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি জনদুর্ভোগ চরম আকার ধারণ করতে পারে বলে মনে করা হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার ঘাগড়া ইউনিয়নের মেঘশিমুল পূর্বপাড়া (জংলীপাড়া)/কান্দাপাড়া এলাকায় সড়কের পাশ ঘেঁষে বয়ে যাওয়া বালিয়া নদীর তীরে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। সাম্প্রতিক ভারী বর্ষণের কারণে সড়কের পাশের মাটি নরম হয়ে নদীতে ধসে পড়েছে। ফলে সড়কের নিচের অংশ ফাঁপা হয়ে গিয়ে মূল সড়কটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ইতোমধ্যে কয়েকটি স্থানে পিচঢালা অংশেও ফাটল ও ক্ষয়ের চিহ্ন দেখা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, পূর্বধলা-কাপাশিয়া সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। এ সড়ক ব্যবহার করে প্রতিদিন পূর্বধলা ও ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার হাজার হাজার মানুষ উপজেলা সদর, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাজারসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন।

তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদীভাঙনের ঝুঁকি থাকলেও স্থায়ী কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া অতিরিক্ত বালুবোঝাই ট্রাক ও লরির চলাচলের কারণেও সড়কটি আরও ঝুঁকির মুখে পড়েছে। দ্রুত সংস্কার ও সুরক্ষা ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো সময় সড়কের বড় অংশ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।

এলাকাবাসী অবিলম্বে ভাঙনকবলিত অংশে জরুরি সংস্কার কাজ শুরু এবং স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা এলজিইডি অফিসের উপ-সহকারী প্রকৌশলী মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, “পূর্বধলা-কাপাশিয়া সড়কের ভাঙনকবলিত অংশ ইতোমধ্যে সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। প্রয়োজনীয় প্রকল্প প্রণয়ন ও টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদার খুব শিগগিরই সংস্কার কাজ শুরু করবেন।”

স্থানীয়দের আশা, বর্ষা মৌসুমে বড় ধরনের ক্ষয়ক্ষতির আগেই দ্রুত সংস্কার কাজ শুরু হলে গুরুত্বপূর্ণ এই সড়কটি ভাঙনের হাত থেকে রক্ষা পাবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমবে।

মতামত দিন