মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ 09:00 pm

পূর্বধলায় দুর্নীতিবিরোধী বিতর্কে জগৎমণি পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন, রানার্সআপ মৌদাম সেসিপ

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ৬:৪৪ পিএম

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে গণসচেতনতা সৃষ্টি, নৈতিকতা বৃদ্ধি এবং সততা চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে এক আকর্ষণীয় ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতায় মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়কে হারিয়ে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

​আজ মঙ্গলবার (১৬ জুন) পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহের সহযোগিতায় এই বিতর্ক যুদ্ধের আয়োজন করা হয়।

“অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ”— এই বিষয়ের ওপর ভিত্তি করে আয়োজিত ছায়া সংসদে উপজেলার ৪টি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান (পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়, পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয় এবং আগিয়া উচ্চ বিদ্যালয়) অংশ নেয়।

​চূড়ান্ত পর্বে প্রস্তাবের বিপক্ষে যুক্তি উপস্থাপন করে মোট ১৩৫.৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয় পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। অন্যদিকে, বিষয়ের পক্ষে অকাট্য যুক্তি তুলে ধরে ১২০ পয়েন্ট পেয়ে রানার্সআপ ট্রফি জিতে নেয় মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়। পুরো প্রতিযোগিতায় চমৎকার বাচনভঙ্গি ও যুক্তির আলো ছড়িয়ে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাদিকা জামান

বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক মো. বুলু মিয়া। বিশেষ অতিথি হিসেবে মঞ্চ আলো করে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান

​উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ফরিদ আহমদ তালুকদার (বাবুল)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জগৎমণি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকি মামুন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাকির আহমেদ কামাল, সহ-সভাপতি সুদীপ্ত চন্দ্র সিংহ, মৌদাম সেসিপের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা এবং আগিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুজ্জামান মিন্টুসহ স্থানীয় সুধীজন।

​প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “ভবিষ্যৎ প্রজন্মকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত সমাজ উপহার দিতে শিক্ষার্থীদের মাঝে শৈশব থেকেই এই ধরনের নৈতিক মূল্যবোধ গড়ে তোলা জরুরি।” অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সকল বিতার্কিকদের মাঝে বিশেষ ক্রেস্ট, প্রশংসাপত্র ও আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

মতামত দিন