নেত্রকোনায় বিশিষ্ট আলেম মাওলানা আবুল বাশারের ইন্তেকাল – পূর্বধলার দর্পন
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ | ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল

নেত্রকোনায় বিশিষ্ট আলেম মাওলানা আবুল বাশারের ইন্তেকাল

প্রতিবেদক: দর্পন নিউজ ডেস্ক | প্রকাশিত: June 10, 2026

নেত্রকোনা জেলায় নুরানি কোরআন শিক্ষার অন্যতম প্রবর্তক, পূর্বধলা উপজেলার জামতলা নিবাসী বিশিষ্ট আলেমে-দ্বীন আলহাজ্ব হযরত ক্বারী মাওলানা আবুল বাশার আর নেই। আজ বুধবার (১০ জুন) বেলা সাড়ে ১২টায় পূর্বধলা উপজেলার জামতলা এলাকার নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, পাঁচ ছেলে, তিন মেয়ে, হাজারো ছাত্র, শুভানুধ্যায়ী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, ক্বারী মাওলানা আবুল বাশার দীর্ঘদিন ধরে ফুসফুসজনিত নানাবিধ জটিল সমস্যায় ভুগছিলেন। এর আগে তিনি দুই দফা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। সর্বশেষ গত দুই দিনে তিনি আবারও স্ট্রোকে আক্রান্ত হলে বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল। আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উপজেলার ধর্মপ্রাণ মুসল্লি ও আলেম সমাজের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।

মরহুম ক্বারী মাওলানা আবুল বাশার চট্টগ্রামের বিখ্যাত পটিয়া মাদ্রাসা থেকে নুরানি ও নাদিয়া ট্রেনিং সম্পন্ন করে নেত্রকোনায় ফিরে আসেন। পরবর্তীতে তাঁর পিতা আব্দুল জব্বার কর্তৃক প্রতিষ্ঠিত ‘জামিয়া দারুস সুন্নাহ শরীফপুর কলংকা মাদ্রাসা’-য় শিক্ষকতার মাধ্যমে কর্মজীবনে প্রবেশ করেন এবং দীনি শিক্ষার আলো ছড়াতে আত্মনিয়োগ করেন। তিনি দীর্ঘ সময় পূর্বধলা ইসলামিয়া বড় মসজিদ মাদ্রাসায় অত্যন্ত সুনামের সাথে শিক্ষকতা করেছেন। মৃত্যুপূর্ব পর্যন্ত তিনি পূর্বধলা সরকারি কলেজ জামে মসজিদের খতিব হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছিলেন।

​ধর্মীয় অঙ্গনে তাঁর অবদান ছিল চিরস্মরণীয়। নেত্রকোনা ও পূর্বধলা অঞ্চলে নুরানি কোরআন শিক্ষা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তাঁকে অন্যতম প্রধান পথিকৃৎ বিবেচনা করা হয়। দীর্ঘ প্রায় ৪০ বছরের শিক্ষকতা জীবনে এই প্রবীণ আলেমে-দ্বীন অগণিত শিক্ষার্থীকে পবিত্র কোরআন ও দীনি শিক্ষা প্রদান করেছেন। তাঁর হাতে গড়ে ওঠা হাজারো ছাত্র বর্তমানে দেশের বিভিন্ন নামকরা মসজিদ ও মাদ্রাসায় ইমাম, খতিব ও শিক্ষকের দায়িত্ব পালন করছেন।

মরহুমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বুধবার (১০ জুন) রাত সাড়ে ৯টায় পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের একমাত্র জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বিশকাকুনী ইউনিয়নের শরীফপুর কলংকা গ্রামের নিজ পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

বিশিষ্ট এই আলেমে-দ্বীনের আকস্মিক ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা। এছাড়াও গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার, সদস্য সচিব এ এস এম শহিদুল্লাহ ইমরান, সাবেক আহ্বায়ক বাবুল আলম তালুকদার এবং আজকের আরবান-এর প্রকাশক ও সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান মাছুমসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।