পূর্বধলায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার; নগদ ৬ হাজার টাকা ও ৩০ কেজি চাল বিতরণ – পূর্বধলার দর্পন
বুধবার, ১০ জুন ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল

পূর্বধলায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার; নগদ ৬ হাজার টাকা ও ৩০ কেজি চাল বিতরণ

প্রতিবেদক: দর্পন নিউজ ডেস্ক | প্রকাশিত: June 9, 2026

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নে অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী বিশেষ ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ জুন) বেলা ১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় ঘাগড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই দুই মাসের (মে ও জুন) ভর্তুকি বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

​হাওর মানবিক সহায়তা কার্ডের মাধ্যমে উপজেলার ঘাগড়া ইউনিয়নের প্রথম দফায় ১৫৮ জন তালিকাভুক্ত ভুক্তভোগী কৃষকের মাঝে এই খাদ্য ও আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। প্রতি কৃষককে প্রতি মাসে ৩ হাজার নগদ টাকা ও ১৫ কেজি চাল দেওয়ার অংশ হিসাবে— আজ মে ও জুন এই দুই মাসের বকেয়াসহ এককালীন নগদ ৬ হাজার টাকা এবং ৩০ কেজি করে চাল দেওয়া হয়েছে।

ঘাগড়া ইউনিয়ন পরিষদে উপস্থিত থেকে উপকারভোগী কৃষকদের হাতে উপহার সামগ্রী ও নগদ অর্থ তুলে দিয়ে এই মানবিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম

​উদ্বোধনকালে ইউএনও শফিকুল ইসলাম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নিজ উদ্যোগে এবং প্রত্যক্ষ নির্দেশনায় সারা দেশের ন্যায় পূর্বধলার ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছে প্রশাসন। এই উপজেলায় মোট ১ হাজার ৬৩ জন প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষককে পর্যায়ক্রমে এই মানবিক সহায়তা কার্ডের আওতায় আনা হবে, যাতে করে প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো কৃষক পরিবারকে কষ্টে দিনাতিপাত করতে না হয়।” তিনি বিতরণে শতভাগ স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে কড়া হুঁশিয়ারি ব্যক্ত করেন।

ত্রাণ ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম চলাকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— পূর্বধলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আসাদুজ্জামান, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. জয়েন আলী এবং ঘাগড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানসহ স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে সংকটে থাকা সাধারণ কৃষকদের মুখে স্বস্তির হাসি ফুটে উঠেছে।