পূর্বধলায় শিয়ালের বাচ্চা দেখানোর কথা বলে ৭ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ – পূর্বধলার দর্পন
Saturday, 06 June 2026

পূর্বধলায় শিয়ালের বাচ্চা দেখানোর কথা বলে ৭ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সাত বছর বয়সী এক অবুঝ শিশুকে শিয়ালের বাচ্চা দেখানোর প্রলোভন দেখিয়ে জঙ্গলে নিয়ে বলাৎকার করার পৈশাচিক অভিযোগ উঠেছে। উপজেলার হুগলা ইউনিয়নের সাধুপাড়া গ্রামে আজ শুক্রবার (৫ জুন) দুপুরে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ১৭ বছর বয়সী প্রতিবেশী এক কিশোর ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পলাতক রয়েছে।

ভুক্তভোগী শিশুর পরিবার, স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ শুক্রবার দুপুরে সাধুপাড়া গ্রামের প্রতিবেশী ওই কিশোর বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে সে ৭ বছরের ওই শিশুটিকে শিয়ালের বাচ্চা দেখানোর কথা বলে ফুসলিয়ে বাড়ির পাশের একটি নির্জন জঙ্গলে নিয়ে যায়। সেখানে নিয়ে সে শিশুটির ওপর জোরপূর্বক পাশবিক ও অনৈতিক নির্যাতন চালায় বলে গুরুতর অভিযোগ উঠেছে। এ সময় শিশুটির বুকফাটা চিৎকার ও কান্নাকাটি শুনে আশপাশের লোকজন এবং তার স্বজনরা দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে যান। সাধারণ মানুষকে আসতে দেখে অভিযুক্ত কিশোর তাৎক্ষণিকভাবে জঙ্গল থেকে পালিয়ে আত্মগোপন করে।

আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা শিশুটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসা এবং ফরেনসিক মেডিকেল (ডাক্তারি) পরীক্ষার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল-মামুন বলেন, ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথেই পূর্বধলা থানা পুলিশের একটি টিম হাসপাতালে গিয়ে ভুক্তভোগী শিশুটির খোঁজখবর নিয়েছে এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে বিস্তারিত জেনেছে। তবে এখনো পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ পেলেই অভিযুক্তকে গ্রেপ্তারে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”