নেত্রকোনার পূর্বধলা থানা পুলিশের এক বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ মো. রিপন মিয়া (৩৭) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (০৪ জুন) রাত পৌনে ৮টার দিকে উপজেলার জামতলা গরুরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের একটি বড় চালান বেচাকেনা হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানার একটি চৌকস দল আজ রাতে জামতলা গরুরহাট এলাকায় মাদকবিরোধী ঝটিকা অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন পূর্বধলা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) রফিকুল ইসলাম। এ সময় তাঁর সাথে সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
অভিযানকালে জামতলা গরুরহাট এলাকার মৃত লাল মিয়ার ছেলে মো. রিপন মিয়াকে সন্দেহভাজন হিসেবে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার হেফাজত থেকে অবৈধ ২০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পূর্বধলা থানা পুলিশ নিশ্চিত করেছে, গ্রেফতারকৃত রিপন মিয়া এলাকার একজন চিহ্নিত ও পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পূর্বধলা থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে, যা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন। দীর্ঘদিন ধরে সে সুকৌশলে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানা পুলিশ জানায়, ২০৫ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা রুজু করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আইনগত সকল আনুষ্ঠানিকতা শেষে আগামীকাল শুক্রবার (০৫ জুন) সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। মাদকমুক্ত পূর্বধলা গড়তে পুলিশের এই ধরণের কঠোর অভিযান আগামী দিনগুলোতেও নিয়মিত অব্যাহত থাকবে।