পূর্বধলায় আসছেন না সেই ইউএনও; ৪ দিনের মাথায় বদলি আদেশ বাতিল – পূর্বধলার দর্পন
শনিবার, ১৩ জুন ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল

পূর্বধলায় আসছেন না সেই ইউএনও; ৪ দিনের মাথায় বদলি আদেশ বাতিল

প্রতিবেদক: দর্পন নিউজ ডেস্ক | প্রকাশিত: May 11, 2026

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়নকৃত জনাব অলিদুজ্জামানের বদলি আদেশ বাতিল করা হয়েছে। গত ৭ মে তাকে পূর্বধলায় নিয়োগ দেওয়া হলেও আজ ১১ মে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক নতুন প্রজ্ঞাপনে তাকে অন্য উপজেলায় পদায়ন করা হয়েছে।

বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি স্বাক্ষরিত নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, অলিদুজ্জামানকে (১৮২৯২) পূর্বধলার পরিবর্তে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে। গত ৭ মের প্রজ্ঞাপনে তার পূর্বধলায় বদলি সংক্রান্ত অংশটুকু বাতিল করা হয়েছে। একই আদেশে খালিয়াজুরীর ইউএনও জনাব নাদির হোসেন শামীমকে নেত্রকোনার মদন উপজেলায় বদলি করা হয়েছে।

গত ১৬ মার্চ সাবেক ইউএনও বদলি হওয়ার পর থেকেই পূর্বধলায় পদটি শূন্য রয়েছে। দীর্ঘ দিন পর গত বৃহস্পতিবার অলিদুজ্জামানের নিয়োগের খবরে এলাকাবাসী স্বস্তি পেলেও, চার দিনের মাথায় এই আকস্মিক পরিবর্তনে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বর্তমানে সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন।

​জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।