নেত্রকোণার পূর্বধলা উপজেলায় গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পাঁচটি পরিবারের খড়ের স্তূপ পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের সুযোগে একটি গোয়ালঘরের বেড়া কেটে গরু চুরির চেষ্টা চালানো হলেও গ্রামবাসীর সতর্কতায় তা ব্যর্থ হয়েছে।
গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ৭ নং আগিয়া ইউনিয়নের সাত্যাটি গ্রামে এই দুর্ধর্ষ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গ্রামের নুরুল আমিন খানের বসতঘরের সামনে রাখা খড়ের স্তূপে প্রথমে আগুন দেওয়া হয়। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ার সুযোগে দুর্বৃত্তরা তাঁর গোয়ালঘরের বেড়া কেটে একটি মূল্যবান ষাঁড় গরু নিয়ে পালানোর চেষ্টা করে। তবে স্থানীয়দের চিৎকারে চোরচক্র গরুটি ফেলে দ্রুত পালিয়ে যায়।
একই রাতে একই গ্রামের আরও চার বাসিন্দা—মো. হাবিবুর রহমান খান, খোকন মিয়া, মো. বিল্লাল মিয়া ও রক্কু মিয়ার বাড়ির আঙিনায় রাখা খড়ের স্তূপেও আগুন দেওয়া হয়। খবর পেয়ে পূর্বধলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পাঁচটি খড়ের স্তূপই সম্পূর্ণ পুড়ে যায়।
একই রাতে একাধিক বাড়িতে আগুন এবং গোয়ালঘরের বেড়া কাটার ঘটনাকে পরিকল্পিত নাশকতা ও চুরির অভিনব কৌশল হিসেবে দেখছেন স্থানীয়রা। এ ঘটনায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। সাত্যাটি গ্রামের বাসিন্দারা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করতে পুলিশ মাঠে কাজ করছে।