ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সহকারী অধ্যাপক মাছুম মোস্তফা। এদিকে, নির্বাচনের চূড়ান্ত পরিসংখ্যানে দেখা গেছে, প্রয়োজনীয় ন্যূনতম ভোট পেতে ব্যর্থ হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি নূরুল ইসলাম হাকিমীর নির্বাচনী জামানত বাজেয়াপ্ত হচ্ছে।
নির্বাচনী বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থী যদি মোট প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশ (আট ভাগের এক ভাগ) ভোট পেতে ব্যর্থ হন, তবে তাঁর জামানত বাজেয়াপ্ত করা হয়। পূর্বধলা আসনে এ বছর সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লক্ষ ৬৮ হাজার ৮৬৮টি। জামানত রক্ষার জন্য যেখানে অন্তত ২১ হাজার ১১০টি ভোটের প্রয়োজন ছিল, সেখানে হাতপাখা প্রতীকের প্রার্থী পেয়েছেন মাত্র ৩,৩৪১ ভোট। প্রয়োজনীয় ভোটের তুলনায় প্রাপ্ত ভোট অনেক কম হওয়ায় আইন অনুযায়ী তাঁর গচ্ছিত জামানত সরকারি কোষাগারে জমা হচ্ছে।
উপজেলা নির্বাচন অফিস ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত সংশোধিত তথ্য অনুযায়ী ফলাফল নিম্নরূপ: সহকারী অধ্যাপক মাছুম মোস্তফা (দাঁড়িপাল্লা): ৮২,১১৭ ভোট। আলহাজ্ব আবু তাহের তালুকদার (ধানের শীষ): ৭৯,৪১২ ভোট। মুফতি নূরুল ইসলাম হাকিমী (হাতপাখা): ৩,৩৪১ ভোট।
এ বছর পূর্বধলায় পোস্টাল ভোটসহ মোট ৮৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় মোট ২ লক্ষ ৯০ হাজার ১১৭ জন ভোটারের মধ্যে ১ লক্ষ ৬৮ হাজার ৮৬৮ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। যার মধ্যে বৈধ ভোটের সংখ্যা ১ লক্ষ ৬৪ হাজার ৯৩০টি এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ৩,৯৩৮টি।