“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় জাতীয় দুর্যোগ প্রশমন প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১০ মার্চ) বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়ার মাধ্যমে দুর্যোগ ঝুঁকি হ্রাসে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
পূর্বধলা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান খানের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, দুর্যোগপ্রবণ বাংলাদেশে জানমাল রক্ষায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই। বিশেষ করে তরুণ প্রজন্মকে দুর্যোগ মোকাবিলায় দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল উপজেলা ফায়ার সার্ভিসের বিশেষ মহড়া। টিম লিডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ, জরুরি উদ্ধার কাজ এবং জীবন রক্ষার বিভিন্ন বাস্তবধর্মী কৌশল প্রদর্শন করেন। উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ গভীর আগ্রহের সাথে এই মহড়াটি প্রত্যক্ষ করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মালেক, পূর্বধলা থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার। এছাড়াও বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা এতে অংশ নেন।