পবিত্র ঈদুল ফিতরের আনন্দ নিমেষেই বিষাদে পরিণত হয়েছে নেত্রকোনার পূর্বধলা উপজেলার দুটি পরিবারে। শনিবার (২১ মার্চ) দুপুরে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের তারাকান্দা উপজেলার শিমুলিয়া (ভান্ডারি) এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশুসহ পূর্বধলার দুই বাসিন্দা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
নিহতরা হলেন—পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের কাপাসিয়া গ্রামের আব্দুল আলীর ছেলে রুবেল মিয়া (১৮) এবং একই উপজেলার বাড়হা গ্রামের গোলাম মোওলার মেয়ে রিতি (৮)। আহতরা হলেন—ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার পোরবাড়ি গ্রামের মোজাহিদ (১৮), তাঁর বড় ভাই সিহাদোজুল্লাহ (২২) এবং চাচা শফিকুল ইসলাম (২৩)। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে পূর্বধলা থেকে একটি যাত্রীবাহী সিএনজি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথিমধ্যে তারাকান্দার শিমুলিয়া ভান্ডারি মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি যাত্রী রুবেল মিয়া ঘটনাস্থলেই প্রাণ হারান।
স্থানীয় জনতা দ্রুত এগিয়ে এসে আহত ৫ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু রিতি মারা যায়। হাইওয়ে পুলিশের ওসি মো. আমিনুল ইসলাম জানান, মোটরসাইকেল আরোহীরা ঈদ উপলক্ষে দুর্গাপুর বেড়াতে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত সিএনজি ও মোটরসাইকেলটি জব্দ করেছে।