নেত্রকোনার পূর্বধলায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নের লক্ষ্যে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির (ইউএনসিসি) এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান। সভায় উপজেলার সার্বিক পুষ্টি পরিস্থিতি, শিশু ও মাতৃস্বাস্থ্যের উন্নয়ন এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান মামুন। ইউনিসেফের নিউট্রিশন কনসালটেন্ট শাহজাহান কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরএমও ডা. বিশ্ব প্রিয় মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জোবায়ের হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নাজমুল হাসান এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিকসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও ইউপি চেয়ারম্যানবৃন্দ।
বক্তারা তৃণমূল পর্যায়ে গর্ভবতী মা ও শিশুদের পুষ্টি নিশ্চিত করতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে মাঠপর্যায়ের কর্মীদের আরও সক্রিয় হওয়ার ওপর জোর দেন। জাতীয় পুষ্টি সেবা (এনএনএস) ও আইসিডিডিআর,বি-সহ বিভিন্ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা সমন্বিত পুষ্টি কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।