বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় দেশজুড়ে চমক দেখিয়েছেন নেত্রকোণার পূর্বধলা উপজেলার এক শিক্ষার্থী। উপজেলার ঘাগড়া ফয়জুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ইমান আলী (১৪) সারাদেশের মেধাতালিকায় ২য় স্থান অর্জন করেছেন। গত বুধবার (১৮ মার্চ) রাজধানীর বেফাক মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করা হয়।
সাফল্যের শিখরে পৌঁছানো ইমান আলী ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের টাংগাটী গ্রামের আব্দুল কাদির মিয়ার ছেলে। সে পূর্বধলার ঘাগড়া ফয়জুল উলুম মাদ্রাসায় থেকে পবিত্র কুরআন হিফজ করছে। তার এই অসামান্য অর্জনে পরিবার ও মাদ্রাসা এলাকায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
ঘাগড়া ফয়জুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু তাহের তালুকদার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “ইমান আলীর এই অর্জন আমাদের প্রতিষ্ঠান ও গোটা পূর্বধলা উপজেলার জন্য এক বিশাল গৌরবের বিষয়। এই প্রথম আমাদের প্রতিষ্ঠানের কোনো ছাত্র কেন্দ্রীয় মেধাতালিকায় স্থান পেল। এ বছর আমাদের মাদ্রাসা থেকে ৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ কৃতকার্য হয়েছে।”
বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক স্বাক্ষরিত ফলাফল অনুযায়ী, এবারের পরীক্ষায় সারা দেশে ৩ লাখ ৫৪ হাজার ৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ৮৬ হাজার ৫৯১ জন উত্তীর্ণ হয়েছেন। গড় পাসের হার ৮০.৯৫ শতাংশ। এর মধ্যে মুমতায (স্টার মার্ক) পেয়েছেন ৫৩ হাজার ৫০০ জন। গত ১৭ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত দেশজুড়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।