পূর্বধলায় জামায়াতের ইফতার মাহফিল: দলমত নির্বিশেষে উন্নয়নের ঐক্যের ডাক এমপি মাছুম মোস্তফার – পূর্বধলার দর্পন
শনিবার, ১৩ জুন ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল

পূর্বধলায় জামায়াতের ইফতার মাহফিল: দলমত নির্বিশেষে উন্নয়নের ঐক্যের ডাক এমপি মাছুম মোস্তফার

প্রতিবেদক: দর্পন নিউজ ডেস্ক | প্রকাশিত: March 19, 2026

নেত্রকোণার পূর্বধলায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাছুম মোস্তফা এলাকার উন্নয়নে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “সংসদে সরকারি ও বিরোধী দলের এমপিরা দেশের সমস্যা নিয়ে এক টেবিলে বসেন, যার প্রতিফলন উপজেলা পর্যায়েও ছড়িয়ে দিতে হবে। এলাকার উন্নয়নের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে বসে সমস্যার সমাধান করতে হবে।”

উপজেলা জামায়াতের আমীর মাহফুজুল হক খানের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইমরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. জয়নাল আবেদীন। এছাড়াও খেলাফত আন্দোলন নেতা মুফতি হাবিবুল্লাহ, বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতা মাওলানা রুহুল আমিন এবং এনসিপি নেতা মো. কাজলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী, শিক্ষক, আলেম-উলামা এবং সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।