নেত্রকোনার পূর্বধলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) বিকেল পৌনে তিনটার দিকে ময়মনসিংহ-বিরিশিরি মহাসড়কের পূর্বধলা সদর ইউনিয়নের আতকাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বিরিশিরিগামী একটি যাত্রীবাহী বাস (টাঙ্গাইল জ–০৪–০০০৭) পূর্বধলা চৌরাস্তা অতিক্রম করে আতকাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় আহতরা হলেন—নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোনিয়া (২৯), চার বছরের শিশু নাবা এবং রাশিদা (৩৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাসের চালক ও যাত্রীদের দাবি, সিএনজিটি ভুল দিক (রং সাইড) দিয়ে আসায় এই দুর্ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার পরপরই সিএনজিচালক পালিয়ে গেছেন। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “দুর্ঘটনাগ্রস্ত বাস ও সিএনজিটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পলাতক চালককে শনাক্তসহ এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”