শুক্রবার, ১৯ জুন ২০২৬ 02:33 am

পূর্বধলায় প্যারাজান খাল পুনঃখনন কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১০:৪৪ পিএম

নেত্রকোণার পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাহোদকোণা এলাকায় চলমান প্যারাজান খাল পুনঃখনন কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন খন্দকার মুশফিকুর রহমান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নেত্রকোণা।

আজ শুক্রবার (১৯ জুন) তিনি উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের সাহোদকোণা এলাকার দেলোয়ার তালুকদারের জমির নিকট হতে দক্ষিণ দিকে সোয়াই নদীর পাড় পর্যন্ত চলমান এই পুনঃখনন প্রকল্পটির সার্বিক অগ্রগতি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রত্যন্ত গ্রামীণ কাঁচা রাস্তার কারণে গাড়ি চলাচলের সুব্যবস্থা না থাকায় তিনি স্বাচ্ছন্দ্যে মোটরসাইকেলে চড়ে পুরো প্রকল্প এলাকা ঘুরে দেখেন এবং কাজের গুণগত মান ও গভীরতা যাচাই করেন। এ সময় খালের দুই পাড়ের স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের সাথে কথা বলে তিনি প্রকল্পের উপকারিতা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে প্রকল্প সংশ্লিষ্টদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, সরকারি বরাদ্দের প্রতিটি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না। তিনি শতভাগ সততা, নিষ্ঠা এবং স্বচ্ছতার সাথে নির্ধারিত সময়ের মধ্যে এই জনগুরুত্বপূর্ণ খালের খনন কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট সকলকে কঠোর নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান, পূর্বধলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আসাদুজ্জামান, স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​স্থানীয় কৃষকেরা জানান, দীর্ঘ বছর ধরে ভরাট হয়ে থাকা প্যারাজান খালটি পুনঃখনন সম্পন্ন হলে সাহোদকোণাসহ আশপাশের বিস্তীর্ণ ফসলের মাঠের জলাবদ্ধতা দূর হবে এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত হওয়ার মাধ্যমে এলাকার কৃষি উৎপাদনে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে।

মতামত দিন