বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ 11:04 pm

পূর্বধলায় মাদক সেবনের দায়ে এক ব‌্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদণ্ড

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ৮:০৫ পিএম

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে মো. শাহিন মিয়া (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে উপজেলার বৈরাটি ইউনিয়নের বড়রিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত শাহিন মিয়া বড়রিয়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। স্থানীয়ভাবে তিনি ‘মজিদ’ নামেও পরিচিত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোণা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি বিশেষ দল বিকেল ৪টার দিকে বড়রিয়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় শাহিন মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। পরবর্তীতে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পূর্বধলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় শাহিন মিয়াকে দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পুলিশি প্রহরায় নেত্রকোণা জেলা কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

মতামত দিন