বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ 10:46 pm

পূর্বধলায় বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে মামলা; হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ৭:৪৯ পিএম

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় উপজেলা পরিষদের হলরুম ও আগিয়া বাজারে হামলা, মারধর, মোটরসাইকেলে অগ্নিসংযোগ, দোকানপাটে ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ এনে বিএনপির ২৯ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।

উপজেলার হুগলা গ্রামের মৃত নূরুল ইসলাম আকন্দের ছেলে এমদাদুল হক আকন্দ বাদী হয়ে পূর্বধলা আমলী আদালতে মামলাটি (দরখাস্ত মোকদ্দমা নং-২৪১/২০২৬) দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে পূর্বধলা থানাকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার আরজিতে উল্লেখ করা হয়, গত ২০ মে পূর্বধলা উপজেলা পরিষদের হলরুমে কোরবানির পশুর হাটের ইজারা সংক্রান্ত ডাক চলাকালে প্রথম ঘটনাটি ঘটে। বাদীর অভিযোগ, এ সময় আসামিরা সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে কয়েকজনকে মারধর করে আহত করেন।

আরজিতে আরও বলা হয়, একই দিন বিকেলে আগিয়া বাজার এলাকায় দ্বিতীয় দফায় হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন এবং তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়া হয় বলে মামলায় দাবি করা হয়েছে।

বাদীপক্ষের অভিযোগ অনুযায়ী, হামলার সময় ভাঙচুর, লুটপাট এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এসব ঘটনায় আর্থিক ক্ষয়ক্ষতির অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে।

তবে এ বিষয়ে মামলায় অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

পূর্বধলা থানা সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশনা অনুযায়ী অভিযোগের বিষয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

মতামত দিন