বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ 09:43 pm

চিত্রং বিলের স্লুইস গেট সংস্কার ও ঢলক প্রথা বন্ধের দাবিতে পূর্বধলায় মানববন্ধন

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ৬:৩১ পিএম

নেত্রকোণার পূর্বধলার চিত্রং বিলের মুখে অবস্থিত স্লুইস গেট দ্রুত সংস্কার, কৃষিপণ্য বিক্রির ক্ষেত্রে প্রচলিত ধলতা (ঢলক) প্রথা বন্ধ এবং প্রকৃত কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন।

বৃহস্পতিবার (১৮ জুন) পূর্বধলা উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে সংগঠনটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের পূর্বধলা উপজেলা সংগঠক সায়েদুর রহমান খান পাঠান লিংকন, ময়মনসিংহ জেলা সংগঠক আরিফুল হাসান, স্থানীয় সংগঠক রোস্তম আলী, রুবেল মিয়া, সিরাজুল ইসলাম ও নিলয় তালুকদারসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, চিত্রং বিলসংলগ্ন কয়েকটি গ্রামের কৃষক ও সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বড়রিয়া ও আলমপুর গ্রামের মাঝামাঝি স্থানে অবস্থিত স্লুইস গেটটি যে উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল, বর্তমানে তা কার্যকরভাবে কাজ করছে না। শুকনো মৌসুমে বিলে পানি সংরক্ষণ এবং বর্ষাকালে অতিরিক্ত পানি নিষ্কাশনের কথা থাকলেও বাস্তবে বর্ষায় পানি আটকে গিয়ে আশপাশের এলাকা প্লাবিত হচ্ছে।

তাদের দাবি, এর ফলে কৃষিজমির ফসল নষ্ট হচ্ছে, গবাদিপশুর খাদ্য সংকট দেখা দিচ্ছে এবং বাড়িঘর, সড়ক ও জনপদ পানিতে তলিয়ে যাচ্ছে। স্কুল-কলেজ, বাজার ও বিভিন্ন অফিসে যাতায়াতেও ভোগান্তি সৃষ্টি হচ্ছে। অনেক সময় পানি নিষ্কাশনের জন্য স্থানীয়রা রাস্তা কেটে দেওয়ার চেষ্টা করেন, যা নতুন করে জনদুর্ভোগ ও সামাজিক বিরোধের সৃষ্টি করে।

বক্তারা আরও অভিযোগ করেন, পূর্বধলা, শ্যামগঞ্জসহ আশপাশের বিভিন্ন বাজারে কৃষকরা ধান ও অন্যান্য কৃষিপণ্য বিক্রি করতে গেলে ব্যবসায়ীরা প্রতি মণে ২ থেকে ৩ কেজি পর্যন্ত অতিরিক্ত ফসল ‘ধলতা’ বা ‘ঢলক’ হিসেবে আদায় করেন। এ ধরনের প্রথা বন্ধে আইন থাকলেও কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে তারা দাবি করেন।

পরে সংগঠনের নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি দিতে গেলে ইউএনওকে না পেয়ে তাঁর পক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে স্মারকলিপি জমা দেন। সংগঠনের নেতারা জানান, ইউএনওর সঙ্গে ফোনে কথা হলে তিনি দ্রুত স্লুইস গেট সংস্কারের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। এছাড়া উপজেলা কৃষি ও মৎস্য কর্মকর্তার সঙ্গেও তারা বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন।

সংগঠনটির পক্ষ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো— দ্রুত স্লুইস গেট সংস্কার, উপজেলার সব বাজারে ধলতা প্রথা বন্ধ এবং প্রকৃত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন মৌসুমের বীজ বিতরণ নিশ্চিত করা।

মতামত দিন