বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ 08:14 pm

পূর্বধলায় র‌্যাবের অভিযানে দেশীয় পিস্তল উদ্ধার, পালিয়ে গেল অস্ত্র কারবারিরা

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ৪:২৯ পিএম

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪) পরিচালিত বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি সচল পিস্তল উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় অস্ত্র বহনকারী সন্দেহভাজন ব্যক্তিরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
বুধবার (১৮ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার জারিয়া ইউনিয়নের মানুষউড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৪-এর ময়মনসিংহ সদর কোম্পানির একটি দল জানতে পারে, কয়েকজন ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১টা ১০ মিনিটে র‌্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান চালান।

অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তারা একটি ব্যাগ ফেলে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে একটি দেশীয় তৈরি সচল পিস্তল উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, পালিয়ে যাওয়া ব্যক্তিদের পরিচয় শনাক্ত ও তাদের গ্রেপ্তারের লক্ষ্যে কাজ চলছে। উদ্ধার করা অস্ত্রটি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে র‌্যাব-১৪-এর দায়িত্বশীল কর্মকর্তারা জানান, অবৈধ অস্ত্রের বিস্তার রোধ এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, র‌্যাব উদ্ধারকৃত অস্ত্র থানায় হস্তান্তর করেছে। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মতামত দিন