নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে এক মাদক বিক্রেতা ও এক সেবনকারীকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। গতকাল সোমবার (৮ জুন) উপজেলার লালমিয়ার বাজার ও শ্যামগঞ্জ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির নেত্রকোনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আল আমিনের নেতৃত্বে একটি রেইডিং টিম গতকাল মাঠে নামে। প্রথম অভিযানে উপজেলার খলিশাউড় ইউনিয়নের বর্নাকান্দা গ্রামের মো. সুরুজ আলীর ছেলে মো. আলমকে (৫০) উপজেলা সদরের লালমিয়ার বাজার থেকে গাঁজা বিক্রি ও সেবনের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
একই দিনে শ্যামগঞ্জ এলাকায় পরিচালিত ডিএনসির পৃথক আরেকটি অভিযানে ইয়াবা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয় আব্দুল্লাহ আল ফারাবী তমাল (২৭) নামে এক যুবককে। ধৃত তমাল গোহালাকান্দা ইউনিয়নের ছিলিম গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে। ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানে পূর্বধলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান ঘটনাস্থলে উপস্থিত থেকে এই ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করেন।
তিনি সাংবাদিকদের জানান, “মাদকের বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অভিযানে দণ্ডপ্রাপ্তদের হেফাজত থেকে জব্দকৃত ইয়াবা, গাঁজা ও মাদক সেবনের যাবতীয় সরঞ্জামাদি ঘটনাস্থলেই উপস্থিত জনসাধারণের সম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।” তরুণ প্রজন্মকে রক্ষায় এবং পূর্বধলাকে মাদকমুক্ত করতে এ ধরনের ঝটিকা অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।