নেত্রকোনার পূর্বধলা থানা পুলিশের এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ৪৫০ (চারশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সবুজ মিয়া (৪৫) নামে এক পেশাদার মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। গত রবিবার (০৭ জুন) রাতে উপজেলার ৮নং বিশকাকুনী ইউনিয়নের জালশুকা এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত এই বিশাল ইয়াবার আনুমানিক অবৈধ বাজার মূল্য প্রায় ১,৩৫,০০০/- (এক লক্ষ পঁয়ত্রিশ হাজার) টাকা বলে পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত রাতে পূর্বধলা থানার একটি চৌকস দল মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছিল। একপর্যায়ে গোপন সংবাদ আসে যে, বিশকাকুনী ইউনিয়নের জালশুকা এলাকায় মাদকের একটি বড় চালান হাতবদল হতে যাচ্ছে।
খবর পেয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন-এর সার্বিক দিকনির্দেশনা ও সরাসরি তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আব্দুল্লাহ আল রাাহিদ-এর নেতৃত্বে একদল পুলিশ জালশুকা এলাকায় বিশেষ কোম্বিং অপারেশন পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে সংবাদের সত্যতা নিশ্চিত করে পুলিশ চারদিক থেকে ঘিরে ধরে মো. সবুজ মিয়াকে আটক করে। গ্রেপ্তারকৃত সবুজ মিয়া উপজেলার জালশুকা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
পরবর্তীতে স্থানীয় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত সবুজের দেহ ও পরিহিত পোশাক তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার হেফাজত হতে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা ০৩টি এয়ার-টাইট পলি প্যাকেটে সংরক্ষিত সর্বমোট ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পূর্বধলা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আজ তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জানতে চাইলে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, “মাদকের বিষাক্ত থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদক কারবারি ও সমাজ ধ্বংসকারী অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। পূর্বধলা উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে থানা পুলিশের এই ধরনের বিশেষ ও কঠোর অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।”