পূর্বধলায় ২৫৫ গ্রাম গাঁজাসহ মুদি দোকানদার গ্রেফতার – পূর্বধলার দর্পন
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল

পূর্বধলায় ২৫৫ গ্রাম গাঁজাসহ মুদি দোকানদার গ্রেফতার

প্রতিবেদক: দর্পন নিউজ ডেস্ক | প্রকাশিত: June 8, 2026

নেত্রকোনার পূর্বধলা থানা পুলিশের এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৫৫ (দুইশত পঞ্চান্ন) গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। গতকাল রবিবার (০৭ জুন) রাতে উপজেলার ০২নং হোগলা ইউনিয়নের চলিতডহর গ্রামে আসামির নিজস্ব মনিহারি (মুদি) দোকানে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বধলা থানার সাধারণ ডায়েরি (জিডি নং- ৩৩৬, তারিখ: ০৭-০৬-২৬ ইং) মূলে থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় মাদক উদ্ধার অভিযানে নামে। অভিযান পরিচালনাকালে গোপন সংবাদ আসে যে, চলিতডহর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে আব্দুস সালাম তার মনিহারি দোকানের আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করছে।

​এমন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানার সাব-ইন্সপেক্টর (এসআই/নিরস্ত্র) মো. রাশেদ হাসান-এর নেতৃত্বে এএসআই আব্দুল্লাহ, কনস্টেবল সেলিম এবং কনস্টেবল খাইরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সের একটি টিম চলিতডহর গ্রামে ওই আসামির দোকানে আকস্মিক তল্লাশি চালায়। তল্লাশিকালে সুকৌশলে লুকিয়ে রাখা অবৈধ ২৫৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং আসামিকে হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে পূর্বধলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে (মামলা নং- ১২(০৬)২৬, তারিখ: ০৮-০৬-২৬ ইং)। আইনগত সকল আনুষ্ঠানিকতা শেষে আজ সোমবার (০৮ জুন) আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

​পূর্বধলা থানা পুলিশ জানায়, উপজেলার আনাচে-কানাচে মাদক কেনাবেচা ও মাদক সিন্ডিকেটের মূলোৎপাটন করতে পুলিশের এই বিশেষ অভিযান ও কঠোর নজরদারি নিয়মিত অব্যাহত থাকবে।