নেত্রকোনার পূর্বধলা উপজেলার অন্যতম ব্যস্ততম সিএনজি ও চৌরাস্তা বাস স্টেশনে সাধারণ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে একটি বিশেষ ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়েছে। আজ সোমবার (১ জুন) দুপুরে পরিচালিত এই অভিযানে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ লঙ্ঘনের দায়ে ১০টি মামলায় সর্বমোট ৬ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে পূর্বধলা সিএনজি স্টেশন থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন রুট ও লোকাল পরিবহনে সাধারণ যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়া হচ্ছিল। এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে চৌরাস্তা বাস ও সিএনজি স্টেশন এলাকায় আকস্মিক এই অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন পূর্বধলা উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহান।
অভিযানকালে বিভিন্ন বাস, সিএনজি ও গণপরিবহনে তল্লাশি চালানো হয় এবং সরাসরি যাত্রীদের সাথে কথা বলে ভাড়ার সত্যতা যাচাই করা হয়। এ সময় অতিরিক্ত ভাড়া আদায় ও আইন অমান্য করার প্রমাণ মেলায় চালক ও সহকারীদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী তাৎক্ষণিকভাবে ১০টি মামলা দায়ের করা হয় এবং জরিমানা বাবদ নগদ ৬ হাজার ৭০০ টাকা সরকারি কোষাগারে আদায় করা হয়।
অভিযান শেষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার তাসনিম জাহান জানান, “সাধারণ মানুষকে যাতায়াতে স্বস্তি দিতে এবং পরিবহন সেক্টরে যেকোনো ধরণের নৈরাজ্য ঠেকাতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। কাউন্টার বা চলন্ত গাড়িতে যাত্রী হয়রানি এবং অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই বরদাশত করা হবে না।” জনস্বার্থে এবং যাত্রী সাধারণের অধিকার রক্ষায় উপজেলার বিভিন্ন রুটে এই ধরণের ঝটিকা অভিযান আগামী দিনগুলোতেও নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান তিনি।