নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জ্বালানি তেলের বাজার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে উঠেছে। কিছুদিন আগেও উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে পেট্রোল, অকটেন ও ডিজেল নেওয়ার জন্য যানবাহনের যে দীর্ঘ লাইন এবং নানা ভোগান্তি দেখা গিয়েছিল, তা এখন আর নেই। পাম্পগুলোতে পর্যাপ্ত সরবরাহ থাকায় ক্রেতারা কোনো রকম ঝামেলা ছাড়াই স্বস্তিতে তেল সংগ্রহ করতে পারছেন।
আজ বুধবার (২৭ মে) সকালে পূর্বধলা সদরের বিভিন্ন ফিলিং স্টেশন (পাম্প) ঘুরে দেখা গেছে, তেলের সংকট কেটে যাওয়ায় পাম্পগুলোর চিরচেনা দীর্ঘ লাইন ও বিশৃঙ্খলা এখন আর নেই। মোটরসাইকেল, সিএনজি ও অন্যান্য যানবাহনের চালকেরা পাম্পে আসামাত্রই সহজেই তেল পেয়ে যাচ্ছেন। বর্তমানে সর্বত্রই পেট্রোল, অকটেন ও ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে।
বাজার স্বাভাবিক থাকায় পাম্পগুলোতে সরকারি নির্ধারিত প্রতি লিটার পেট্রোল ১৩৫ টাকা ৯০ পয়সা দরেই তেল বিক্রি করা হচ্ছে। তবে পাম্পে সরবরাহ স্বাভাবিক হলেও উপজেলার বিভিন্ন মোড় ও গ্রামীণ খুচরা বাজারগুলোতে কিছুটা বাড়তি দামে তেল বিক্রি হতে দেখা গেছে। পাম্প থেকে তেল সংগ্রহ করে নিয়ে খুচরা বিক্রেতারা সাধারণ ক্রেতাদের কাছে প্রতি লিটার পেট্রোল ১৪৫ থেকে ১৫০ টাকা দরে বিক্রি করছেন।
দূর-দূরান্তের গ্রাম থেকে পাম্পে আসার যাতায়াত খরচ ও ঝামেলার কারণে অনেক সাধারণ চালক খুচরা বাজার থেকেই বাড়তি দামে তেল নিচ্ছেন। তবে পাম্পে সরাসরি কোনো সংকট বা দীর্ঘ লাইন না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকার নিয়মিত যানবাহন চালক ও সাধারণ মানুষ।