নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনি ইউনিয়নের ধলা যাত্রাবাড়ী আশ্রয়ণ প্রকল্পে আপন বাবার হাতে পৈশাচিক নির্যাতনের শিকার ১৬ বছর বয়সী কিশোরী ও তার পরিবারের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পূর্বধলা থানা পুলিশ। আজ রোববার (১৭ মে) পুলিশের পক্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের নিয়ে এক সচেতনতামূলক মতবিনিময় করা হয় এবং ভুক্তভোগী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার হিসেবে হস্তান্তর করা হয়।
ঘটনার পর ভুক্তভোগী পরিবারটি যেন সমাজে কোনো ধরনের হেনস্থা বা সামাজিক নিরাপত্তারহীনতায় না ভোগে, সে লক্ষ্যে আশ্রয়ণ প্রকল্পের সদস্য এবং স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত সকলের মাঝে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মেয়েটির পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ও অন্যান্য জনপ্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় মেয়েটির পরিবারের শতভাগ সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে জোরালো আলোচনা হয়। উপস্থিত সকলে ভুক্তভোগী কিশোরীর সুরক্ষায় এবং তাকে সমাজে স্বাভাবিকভাবে বেঁচে থাকার পরিবেশ করে দিতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত পোষণ করেন।
মতবিনিময় শেষে পূর্বধলা থানা পুলিশের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারটির হাতে সামান্য কিছু খাদ্য সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, “আইনগত ব্যবস্থার পাশাপাশি ভুক্তভোগী পরিবারটির সামাজিক ও মানসিক নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সমাজের প্রতিটি স্তরের মানুষকে এই অবক্ষয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং এই অসহায় মেয়েটির পাশে থাকতে হবে।”