নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুল জব্বার (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার রাতে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আব্দুল জব্বার ওই এলাকার মৃত জহর আলীর ছেলে। স্থানীয় সূত্রের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আল আমিনের নেতৃত্বে একটি দল বুধবার রাতে অভিযান পরিচালনা করে। রাত সাড়ে ৯টা থেকে প্রায় সোয়া ১০টা পর্যন্ত চলা অভিযানে আব্দুল জব্বারের বসতঘর ঘিরে ফেলা হয়।
পরে তার বাড়ির একটি কক্ষে তল্লাশি চালিয়ে একটি কমলা রঙের ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয় বলে জানায় ডিএনসি।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বধলা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।