নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের সময় তিন যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নারন্দিয়া ইউনিয়নের ইয়ারণ এলাকায় এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের একটি টিম ইয়ারণ গ্রামের একটি বসতঘরের পাশে অভিযান চালায়। সেখানে মাদকের আসর থেকে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
পলাশ মিয়া (২৬), গ্রাম- নারন্দিয়া, ফারুক হোসেন (৪২), গ্রাম- ইয়ারণ, সুরুজ মিয়া (৩০), গ্রাম- গোহালাকান্দা।
আটকের পর তাদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনীম জাহানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আটক ব্যক্তিরা নিজেদের অপরাধ স্বীকার করায় আদালত তাদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান জানান, জনস্বার্থে ও এলাকাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্তদের নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।