নেত্রকোনার পূর্বধলা উপজেলায় তীব্র পেট্রোল সংকট দেখা দিয়েছে। গত ৫ দিন ধরে উপজেলার তিনটি প্রধান ফিলিং স্টেশনে পেট্রোল সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকসহ সংশ্লিষ্টরা। তবে রহস্যজনকভাবে পার্শ্ববর্তী দুর্গাপুর উপজেলায় পেট্রোল সরবরাহ স্বাভাবিক রয়েছে।
আজ ৯ এপ্রিল পূর্বধলার তিনটি ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, সবখানেই পেট্রোল বিক্রি বন্ধ রাখা হয়েছে।
পূর্বধলা ফিলিং স্টেশন: এখানে গত ৩১ মার্চের পর আর কোনো পেট্রোল আসেনি। দায়িত্বে থাকা ট্যাগ অফিসার দিলীপ চন্দ্র সরকার জানান, পেট্রোল না থাকায় শুধু ডিজেল সরবরাহ করা হচ্ছে। জমজম ফিলিং স্টেশন: এখানে সর্বশেষ ৪ এপ্রিল পেট্রোল দেওয়া হয়েছিল। ট্যাগ অফিসার মো. সালাউদ্দিন খান রবিন জানান, মালিকপক্ষ ডিপো থেকে তেল সংগ্রহের চেষ্টা করছেন। গিরিপথ ফিলিং স্টেশন: এখানেও ৪ এপ্রিলের পর আর কোনো তেলের গাড়ি আসেনি। ট্যাগ অফিসার মো. আশরাফুল আলম জানান, মালিকপক্ষ তেল আনার চেষ্টা করছেন এবং সন্ধ্যার পর নতুন কোনো গাড়ি আসার সম্ভাবনা আছে কি না তা তারা পর্যবেক্ষণ করছেন।
পূর্বধলায় তেলের হাহাকার থাকলেও পার্শ্ববর্তী দুর্গাপুর উপজেলার চিত্র সম্পূর্ণ উল্টো। দুর্গাপুরের মেসার্স খোরশেদ খান ফিলিং স্টেশনের ট্যাগ অফিসার মুহাম্মদ নাসির উদ্দিন জানান, সেখানে নিয়মিত পেট্রোল সরবরাহ করা হচ্ছে এবং গতরাতেও ৪,৫০০ লিটার পেট্রোল এসেছে।
পূর্বধলায় কেন পেট্রোল আসছে না—এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসনীম জাহানের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমি প্রতিদিন খোঁজ নিচ্ছি। পাম্প কর্তৃপক্ষ বলছে তারা তেল পাচ্ছে না। কেন পাচ্ছে না তা আমি বলতে পারব না। তবে তেল আনার জন্য আমার পক্ষ থেকে যে সুপারিশ প্রয়োজন, তা আমি দিচ্ছি।”
দীর্ঘ সময় ধরে তেল না থাকায় স্থানীয়দের মনে প্রশ্ন জেগেছে, এটি কি কৃত্রিম সংকট নাকি সরবরাহ ব্যবস্থার কোনো ত্রুটি? জনস্বার্থে দ্রুত এই সমস্যার সমাধান চান ভুক্তভোগীরা।