নেত্রকোণার পূর্বধলা উপজেলার অন্যতম সামাজিক ও ক্রীড়া সংগঠন ‘বৈশাখী ছাত্র সংঘ’-এর কার্যকরী পরিষদের নির্বাচন ও নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (১০ এপ্রিল) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচন করেন সাধারণ সদস্যরা।
সংগঠনের গুরুত্বপূর্ণ সভাপতি পদে তুষার খান এবং খাইরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ১০২ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে তুষার খান ৭১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খাইরুল ইসলাম পেয়েছেন ৩০ ভোট। এছাড়া ১টি ভোট বাতিল বলে গণ্য হয়।
অন্যদিকে, সংগঠনের সাধারণ সম্পাদক পদে তুষার দত্ত এবং ক্রীড়া সম্পাদক পদে মুরসালিন ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আজ শুক্রবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। উপদেষ্টা ও সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
সংগঠনের বিদায়ী সভাপতি মাহবুব হোসেন ফরহাদ এবং সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র সরকার সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব সংগঠনের গতিশীলতা রক্ষা করে সামাজিক ও ক্রীড়াকল্যাণে আরও জোরালো ভূমিকা পালন করবে।
নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।