নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩৮ বোতল ভারতীয় মদসহ এনামুল হোসাইন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার (৯ মে) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ জারিয়া মোড় এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এই মাদক উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নির্দেশনায় শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) জনাব সেন্টু মিয়ার নেতৃত্বে জারিয়া মোড় এলাকায় নিয়মিত চেকপোস্ট চলছিল। এসময় কলমাকান্দা থেকে ছেড়ে আসা ‘সুখ সালমান’ নামক একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। তল্লাশিকালে চালের সাদা বস্তার ভেতর কৌশলে লুকিয়ে রাখা ৩৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত এনামুল হোসাইন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সাতাশি গ্রামের মো. সামছুল হকের ছেলে। উদ্ধারকৃত মদের বাজার মূল্য আনুমানিক ৮৭ হাজার টাকা।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জনান, মাদকসহ আসামীকে হেফাজতে নিয়েছে এবং উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে। এ বিষয়ে পূর্বধলা থানায় একটি মাদক মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে।