নেত্রকোনার পূর্বধলায় বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট-২’ পরিচালনা করে মো. রইছ উদ্দিন (৫১) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) রাত দশটার দিকে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রইছ উদ্দিন উপজেলার ঘাগড়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রইছ উদ্দিন পূর্বধলা থানার একটি সন্ত্রাস বিরোধী আইনের মামলার (মামলা নং-২৮, তারিখ ২৩-১১-২০২৪) ঘটনার সাথে জড়িত মর্মে সন্দিগ্ধ আসামি ছিলেন।
থানা সূত্রে আরও জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।