নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৪ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উপজেলার খলিশাউড় ও আগিয়া ইউনিয়নে এসব দুর্ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৮টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের ফাজিলপুর বাজার এলাকায় দুর্গাপুরগামী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা ৩ জন যাত্রী আহত হন। এর মধ্যে পূর্বধলার খলিশাপুর গ্রামের জামাল উদ্দিনের (৫০) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধোবাউড়া থেকে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত অটোগাড়ি হাটকান্দা এলাকায় রাস্তার নিচে পড়ে যায়। এতে নেত্রকোনা সদরের মালনী গ্রামের রহমত উল্লাহ (২৬) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহে স্থানান্তরের পরামর্শ দেন।
পূর্বধলা থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত যানগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।