নেত্রকোনার পূর্বধলা প্রেসক্লাবের উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে এই হৃদ্যতাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মোঃ জায়েজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কে.বি.এম নোমান শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে উপজেলা বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিশসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রতিনিধিরা অংশ নেন। এছাড়াও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, পুলিশ সদস্য, শিক্ষক, ব্যবসায়ী এবং গণমাধ্যমকর্মীরা এতে যোগ দেন।
আয়োজকরা জানান, পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরা এবং সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যেই এই আয়োজন। উপস্থিত সবাই ভবিষ্যতে এই ধরনের সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
ইফতারের আগে দেশ ও জাতির সার্বিক কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত অতিথিরা একসাথে ইফতারে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকবৃন্দ সকল অতিথির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।