আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে নাটকীয় মোড় নিয়েছে। দলের সিদ্ধান্তের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে এই আসনে মনোনয়নপত্র দাখিল করা থেকে বিরত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত একক প্রার্থী মাওলানা মোশাররফ হোসাইন খান।
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মাওলানা মোশাররফ হোসাইন খান নেত্রকোনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন। তবে শেষ মুহূর্তে দলীয় নির্দেশনার কারণে তিনি মনোনয়নপত্র জমা না দিয়েই ফিরে আসেন।
বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোনা জেলা শাখা জানিয়েছে, নেত্রকোনা-৫ আসনে এবার দলীয়ভাবে কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত শরিক দলের প্রার্থীর জন্য এই আসনটি ছেড়ে দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তের কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, এর আগে কেন্দ্রীয়ভাবে মাওলানা মোশাররফ হোসাইন খানকে এই আসনে খেলাফত মজলিসের একক প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছিল। তাঁর প্রার্থিতাকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতিও ছিল চোখে পড়ার মতো। তবে শেষ মুহূর্তে জোটবদ্ধ রাজনীতির স্বার্থে এবং শরিক দলের প্রতি সমর্থন জানিয়ে তিনি মনোনয়ন দাখিল করা থেকে বিরত থাকেন।
এই সিদ্ধান্তের ফলে পূর্বধলা আসনে নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হলো এবং শরিক দলের অবস্থান আরও শক্তিশালী হবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।