পূর্বধলায় ডেঙ্গু প্রতিরোধে নবাগত ইউএনও শফিকুল ইসলামের পরিচ্ছন্নতা অভিযান – পূর্বধলার দর্পন
শনিবার, ০৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল

পূর্বধলায় ডেঙ্গু প্রতিরোধে নবাগত ইউএনও শফিকুল ইসলামের পরিচ্ছন্নতা অভিযান

প্রতিবেদক: দর্পন নিউজ ডেস্ক | প্রকাশিত: June 6, 2026

​বর্ষা মৌসুমের শুরুতে ডেঙ্গুর প্রাদুর্ভাব ও এডিস মশার বিস্তার রোধে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (০৬ জুন) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর ও এর আশপাশের এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

​কর্মসূচিতে প্রধান নেতৃত্ব দেন গত ২ জুন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করা নবাগত কর্মকর্তা শফিকুল ইসলাম।এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন।

“ডেঙ্গুসহ মশা বাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান” ব্যানারে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এই সচেতনতামূলক কার্যক্রমের সূচনা করা হয়। নবাগত ইউএনও শফিকুল ইসলাম নিজে উপস্থিত থেকে কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সাথে নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এ সময় উপজেলা চত্বরের বিভিন্ন ঝোপঝাড় পরিষ্কার করা হয় এবং এডিস মশার প্রজননস্থল জমানো পানি ও ময়লা-আবর্জনা অপসারণের নির্দেশনা দেওয়া হয়।

অভিযান শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ইউএনও শফিকুল ইসলাম বলেন, “ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন প্রতিটি নাগরিকের ব্যক্তিগত সচেতনতা। বর্ষার এই সময়ে এডিস মশা যেন বংশবৃদ্ধি করতে না পারে, সেজন্য আমাদের ঘরের চারপাশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন ৩ দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।” তিনি উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এই পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার তাগিদ দেন।

​কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।