নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বিষপানে রুপা আক্তার (১৯) নামে এক তরুণী গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত রুপা আক্তার উপজেলার ৩ নম্বর ঘাগড়া ইউনিয়নের সানকিডুয়ারী গ্রামের নাঈম খানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (২২ মে) সকাল থেকে রুপা আক্তার আর দশটা দিনের মতোই স্বাভাবিকভাবে তাঁর সাংসারিক কাজকর্ম ও রান্নাবান্না করেন। দুপুরের দিকে তাঁর স্বামী নাঈম খান ঘরে তৈরি দুপুরের খাবার খেয়ে নিজের কর্মস্থলে চলে যান। এরপর দুপুরের খাবার খাওয়ার জন্য পরিবারের অন্য সদস্যরা রুপাকে ডাকাডাকি করতে থাকেন। কিন্তু ভেতর থেকে দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজনদের সন্দেহ হয়। একপর্যায়ে ঘরের দরজা খুলে বিছানায় রুপাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা।
অচেতন অবস্থায় উদ্ধারের সময় রুপার মুখ থেকে বিষের তীব্র গন্ধ পাওয়ায় স্বজনরা বুঝতে পারেন তিনি বিষপান করেছেন। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ সময় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে এই তরুণী গৃহবধূ বিষপান করেছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, “বিষপানে এক গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এই আত্মহত্যার নেপথ্যে অন্য কোনো কারণ বা পারিবারিক কলহ রয়েছে কিনা, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”