নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় তৈরি মদ জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের পাছমারগেন্ডা এলাকায় এ অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাচালানের মালামাল ফেলে সিএনজিযোগে পালিয়ে গেছে অজ্ঞাতনামা চোরাকারবারিরা।
পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় এসআই মো. ফজলুল করিম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলেন। সন্ধ্যা সোয়া ৬টার দিকে দেওটোকুন বাজারে অবস্থানকালে তারা গোপন সংবাদ পান যে, ধলামূলগাঁও ইউনিয়নের জামধলা থেকে দেওটোকুনগামী সড়কের পাছমারগেন্ডা এলাকার তৈয়ব আলীর দোকানের সামনের পাকা রাস্তা দিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে।
এই সংবাদের ভিত্তিতে এসআই ফজলুল করিম সঙ্গীয় ফোর্সসহ সন্ধ্যা ৬টা ২০ মিনিটের সময় দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা থেকে সুতলি দিয়ে মুখ বাঁধা দুটি সাদা প্লাস্টিকের বস্তা রাস্তার পাশে ফেলে রেখে অজ্ঞাতনামা ২/৩ জন লোক দ্রুত সিএনজিযোগে জামধলার দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে পুলিশ রাস্তার পাশে ফেলে যাওয়া বস্তা দুটি তল্লাশি করে তার ভেতর থেকে আমদানি নিষিদ্ধ কাঁচের বোতলে ভারতীয় তৈরি ২৮টি ‘ice BARE IT ALL VODKA’ এবং ২টি ‘ROYAL STAG DELUXE WHISKY’ (যার গায়ে লেখা ছিল FOR SALE IN MEGHALAYA ONLY, MADE IN INDIA) সহ মোট ৩০ বোতল বিদেশি মদ উদ্ধার করে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করে।
এ ঘটনায় জড়িত অজ্ঞাতনামা পলাতক আসামিদের বিরুদ্ধে পূর্বধলা থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি (১) (বি) ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নং-২৮, তারিখ: ২২/০৫/২০২৬ খ্রি.) রুজু করা হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, “মাদক ও চোরাচালানের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। পুলিশের তাড়া খেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে গেলেও তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। পলাতক অজ্ঞাতনামা আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”