নেত্রকোনার পূর্বধলা থানার নবাগত অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের নেতৃবৃন্দ। আজ সোমবার (১১ মে) বিকেলে পূর্বধলা সার্বজনীন কেন্দ্রীয় পূজা মন্দির প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তরুণ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সঞ্চালনা করেন দীপক সরকার। সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের বিশেষ ভূমিকার ওপর আলোকপাত করা হয়।
সভায় নবাগত ওসিকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন—জীবন কৃষ্ণ দে, নিরঞ্জন কুমার ভাদুরী, সঞ্জিত কর, বিশ্বজিৎ রায় চৌধুরী, বিকাশ ঘোষ, নিলয় চক্রবর্ত্তী, উৎপল সেন, রঞ্জিত দাস এবং কাজল সরকার প্রমুখ। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে পূর্বধলার সকল ধর্মের মানুষ নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারবেন।
নবাগত অফিসার ইন-চার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন নেতৃবৃন্দের প্রস্তাবগুলো গুরুত্ব সহকারে শোনেন এবং একটি সম্প্রীতির পূর্বধলা গড়তে সবার সহযোগিতা কামনা করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “পুলিশ জনগণের বন্ধু। ধর্ম-বর্ণ নির্বিশেষে উপজেলার প্রতিটি মানুষ যেন নির্বিঘ্নে ও নিরাপদে বসবাস করতে পারে, তা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।” তিনি সকলের সহযোগিতা কামনা করেন।