নেত্রকোণার পূর্বধলায় জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে ইয়াবা বহনের সময় ৪ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ মামা ও ভাগ্নেকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আজ সোমবার (৪ মে) সন্ধ্যা ৬টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের জালশুকা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি বিশেষ দল জালশুকা এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এসময় সন্দেহভাজন দুই ব্যক্তির জুতার ভেতরে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪ হাজার ৭৫০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা সম্পর্কে মামা-ভাগ্নে। তাঁরা হলেন: মো. হাবিবুর রহমান (৫৩) (মামা): দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের হারিয়াউন্দ গ্রামের বাসিন্দা। মো. রমজান আলী (৩২) (ভাগ্নে): একই ইউনিয়নের বাড়য়পাড়া গ্রামের বাসিন্দা।
ডিএনসি’র সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে মাদক পরিবহনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতেই তাঁরা জুতার ভেতর ইয়াবা লুকানোর এই অভিনব পদ্ধতি ব্যবহার করতেন। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে সংস্থাটি সমাজকে মাদকমুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেছে।