নেত্রকোনার পূর্বধলায় থানা পুলিশ ও শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পৃথক দুটি বিশেষ অভিযানে ২০ পিস অবৈধ ভারতীয় কম্বলসহ দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার (৪ মে) উপজেলার চৌরাস্তা এবং শ্যামগঞ্জ এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টা ৪৫ মিনিটে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নির্দেশনায় এসআই রফিক সঙ্গীয় ফোর্সসহ পূর্বধলা চৌরাস্তায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো-ব ১২-০২৫৬) তল্লাশি চালিয়ে ১০ পিস ভারতীয় কম্বলসহ মনোয়ারা বেগম (৫০) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। তিনি দুর্গাপুর উপজেলার দুর্গাপুর দক্ষিণপাড়া গ্রামের মোহাম্মদ গিয়াস উদ্দিনের স্ত্রী।
অন্যদিকে, দুপুর ১২টা ০৫ মিনিটে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ তদন্ত কেন্দ্রের সামনের পাকা রাস্তায় অভিযান চালান। এসময় ১০ পিস ভারতীয় কম্বলসহ দেলোয়ারা আক্তার সাথী (৩০) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। তিনি দুর্গাপুর পুলিশ মোড় এলাকার মৃত মফিজ উদ্দিনের মেয়ে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, আটককৃতদের হেফাজত থেকে মোট ২০ পিস অবৈধ ভারতীয় কম্বল জব্দ করা হয়েছে। এ দুটি ঘটনায় পৃথকভাবে দুটি মামলা রুজু করার প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান দমনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।