নেত্রকোণার পূর্বধলায় যথাযোগ্য মর্যাদায় আগামী ২৫শে মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬শে মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দিবস দুটির বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়। ২৬শে মার্চ সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হবে। সূর্যোদয়ের পর সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হবে।
দিনব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে সকাল সাড়ে আটটায় উপজেলা মাঠে কুচকাওয়াজ, সমাবেশ এবং প্রীতি ফুটবল ম্যাচ। বেলা সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের জন্য চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা ও হামদ-নাত প্রতিযোগিতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০টায় বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত ১ মিনিটের জন্য প্রতীকী ‘ব্ল্যাক-আউট’ (জরুরি স্থাপনা ব্যতীত) পালন করা হবে। সকল উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার ব্যবস্থাও থাকবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ তালুকদার, পূর্বধলা থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান, পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম শাহীন এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার। এছাড়াও সভায় উপজেলা বিএনপি, জামায়াত এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।