“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার পূর্বধলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই মেলার যাত্রা শুরু হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা। তিনি তাঁর বক্তব্যে বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে এবং প্রযুক্তিনির্ভর সৃজনশীল চিন্তায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা থানার ওসি মো. দিদারুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর জয়নাল আবেদীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিকসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকগণ।
এবারের মেলায় উপজেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত নানামুখী বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করছে। প্রকল্পের পাশাপাশি শিক্ষার্থীদের মেধাবিকাশে অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে আয়োজিত এই মেলায় খুদে বিজ্ঞানীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
দুই দিনব্যাপী এ মেলার সমাপনী অনুষ্ঠানে আগামীকাল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।