নিজস্ব প্রতিবেদক, পূর্বধলার দর্পণ: নেত্রকোণা জেলায় সড়ক দুর্ঘটনা রোধ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এখন থেকে রেজিস্ট্রেশন সনদ, বৈধ ফিটনেস এবং চালকের হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স ব্যতীত কোনো মোটরসাইকেল বা মোটরযানে পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল সরবরাহ করা যাবে না।
আজ ৫ এপ্রিল ২০২৬ তারিখে নেত্রকোণা জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশিফিকুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা জারি করা হয়। সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৪(১), ১৬(১) এবং ২৫(১) অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ ছাড়া মোটরযান চালানো আইনত অবৈধ। আইনের এই বিধান প্রতিপালন নিশ্চিত করতেই জেলা প্রশাসন এই কঠোর অবস্থান নিয়েছে।
জেলার সকল পেট্রোল পাম্প, প্যাকড পয়েন্ট এবং এজেন্সি সমূহকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছাড়া কোনো যানবাহনকেই যেন তেল দেওয়া না হয়। একই সাথে পুলিশ প্রশাসনকে পেট্রোল পাম্পগুলোতে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিধানসহ চেকপোস্ট স্থাপনের জন্য অনুরোধ জানানো হয়েছে।
এই আদেশ অমান্য করলে সংশ্লিষ্ট পাম্প বা মোটরযান চালকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে।