নেত্রকোনার পূর্বধলা উপজেলার ৯নং খলিশাউড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বোরহান উদ্দিন বুলবুল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (০৩ এপ্রিল) সকাল আনুমানিক ৮.০৫ দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৭৫ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে খলিশাউড় থেকে পূর্বধলার বাসায় ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় তাঁর পাঁজরের হাড় ভেঙে গিয়েছিল। পরবর্তীতে গত ২৪ মার্চ হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয় এবং ভোর সকালে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
বোরহান উদ্দিন বুলবুল ১৯৯৩ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত খলিশাউড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। এলাকায় একজন জনবান্ধব নেতা হিসেবে তাঁর ব্যাপক জনপ্রিয়তা ছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
জানাজা শেষে তাঁকে খলিশাউড় গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার নিশ্চিত করেছে।
সাবেক এই জনপ্রিয় চেয়ারম্যানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।